
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে গিয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও আগামী ১৭ সেপ্টেম্বর তিনি ফেনী আসছেন না। এই সফরটি হতে পারে আগামী ১ অক্টোবর । আর এ উপলক্ষে ফেনীতে গিয়ে আবারো সার সংকটের কথা অস্বীকার করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ । সাংবাদিকদের তিনি বলেছেন “ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “ কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোন ক্রাইসিস নেই, একটি দুষ্টচক্র সার মজুদের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর ) দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। এসময় তিনি বলেন, কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারাদেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। ফেনীতে এ কার্ড পাবেন সাড়ে সাত হাজার কৃষক। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।




