Spread the love

 

 

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা চ্যালেঞ্জ দক্ষিণ এশিয়ার কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত আঞ্চলিক উদ্যোগ নেয়া দরকার্ ।  অভিন্ন কৃষি সমস্যার সমাধান এবং সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্ক কৃষি কেন্দ্রের বাড়ানো দরকার।

দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র  ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে ।  আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ) অনুষ্ঠিত এ আয়োজনে সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পরিচালনা পর্ষদের সদস্যরা সশরীরে উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

 

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন এবং নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে খাদ্য, পশুখাদ্য ও আঁশজাতীয় পণ্যের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান ক্রমবর্ধমান জলবায়ুজনিত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি গতিশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম এবং কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি এবং এসডিএফ) তানভীর আহমেদ তরফদার ।