Spread the love

গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের আলাউদ্দির টেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানকালে আলাউদ্দির টেক এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন শেখ (৪৩), পিতা কুতুব উদ্দিন, সাং কলাপাটুয়া, কালীগঞ্জকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক একটি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যানুযায়ী, অভিযানে মোট ১টি মামলা দায়ের করা হয় এবং কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

এদিকে চট্টগ্রাম নগরীর চকবাজার ও গরীবুল্লাহ শাহ এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ জরিমানা করেন।

অভিযানে চকবাজার এলাকার ‘সাতকানিয়া ভাত ঘর’-এ রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং জিলাপি তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার ‘হোম রেসিপি অ্যান্ড সুইটস’ এ নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ, খোলা ডাস্টবিন, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা সংরক্ষণের অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।