Spread the love

 

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর প্রথমবর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে এ কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। এ জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সুপারিশ দিতে বলেছেন ইউজিসি চেয়ারম্যান।

আজ রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি। সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং একাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন উপাচার্যরা। কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রির মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন তাঁরা। শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শও দেওয়া হয়। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজেসি) এক সভায় এমন মত দিয়েছেন উপাচার্যগন।

 

সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট, বিশেষ করে নতুন চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না, সে প্রস্তাব দেন উপাচার্যদের কেউ কেউ। পাশাপাশি শিক্ষকস্বল্পতা মোকাবিলায় অন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এক বছরের জন্য ফেলোশিপের আওতায় সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব আসে। অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদেরও কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

 

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন।