আলু মাঠ
Spread the love

সির্জন খলিফা নামে এক কৃষকের ৩০ শতাংশ আলুগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওরে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময় সিংজুরী ইউনিয়নের দক্ষিণ নাটুয়াবাড়ি চকে এ ঘটনা ঘটে। তবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সির্জন খলিফা।

সরেজমিন দেখা যায়, সির্জন খলিফার ৩০ শতাংশ জমির আলুগাছ সম্পূর্ণ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষেতের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো। গাছে সবেমাত্র আলুর গুঁটি বাঁধতে শুরু করেছিল। সকালে ক্ষেতের এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন

সকালে  মেয়ের জামাইয়ের ফোন পেয়ে আলুক্ষেত দেখতে আসেন সির্জন খলিফা।  এসে দেখেন  সব শেষ। শত্রুতা থাকতে পারে, কিন্তু ফসলের কী দোষ। এনজিও থেকে ঋণ তুলে ও ধারদেনা করে  তিনি এই আলু চাষ  করেছিলেন। দুর্বৃত্তরা প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি করে ফেলেছে।

কৃষকের জামাতা জিন্নাত আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে ক্ষেতের দিকে গিয়েই দেখি সব গাছ মাটিতে লুটোপুটি খাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার শ্বশুরকে ফোন দিই। যারা রাতের আঁধারে এমন কাপুরুষোচিত কাজ করেছে, তারা মানুষরূপী পশু।

এদিকে এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, ফসলের সঙ্গে এমন নিষ্ঠুরতা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এমন জঘন্য ঘটনায় আমরা উদ্বিগ্ন। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে ব্যক্তিগত শত্রুতার জেরে ফসলের ক্ষতি করার প্রবণতা বেড়েছে। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান প্রয়োজন।