Spread the love

 তিস্তার চরাঞ্চলে এবার মরিচের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মরিচ এখন যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৮৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ২০৫ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি জমিতে মরিচ আবাদ হয়েছে। উপজেলার তালুকশাহবাজ, নাজির দহ, ঢুসমারা ও প্রাণনাথ চরসহ ২২টি চরের পলি ও উর্বর দোআঁশ মাটিতে এখন সবুজ ও লাল মরিচের সমারোহ।

চাষিরা জানান, বর্তমানে প্রতি কেজি মরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঢুসমারা চরের কৃষক তাজরুল ইসলাম জানান, ৩৬ শতক জমিতে মরিচ চাষ করে ইতোমধ্যে ১লক্ষ্য ১০ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন তিনি। রমজান মাসে চাহিদা বেশি থাকায় আরও ভালো মুনাফার আশা করছেন চাষিরা। তকিপল, খানসামা ও মধুপুর হাটে এখন মরিচ কেনাবেচায় ধুম পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, আবহাওয়া অনুকূলে থাকা এবং সঠিক পরামর্শের কারণে ফলন ভালো হয়েছে। তিস্তার চরের পলিমাটি মরিচ চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

(জনকণ্ঠ)