দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি উপযোগী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল শনিবার দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সদর উপজেলার একটি বৃহৎ অংশ চরাঞ্চল। চর এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তিনি জানান, চরে অনেক পতিত জমি রয়েছে। এসব জমি চাষাবাদের আওতায় আনা গেলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন, আশপাশের জেলাগুলোতেও খাদ্য সরবরাহ বৃদ্ধি পাবে। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমরা উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষক যেন সঠিকভাবে সার পায়, সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে।


