জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং নদ-নদীর নাব্য হ্রাসে সাতক্ষীরায় জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জেলার ১৭শ’ হেক্টরের বেশি জমিতে চলতি মৌসুমে আমন ধানের চাষ করা যায়নি। চরম ক্ষতির মুখে পড়েছেন সাড়ে চার হাজারের বেশি কৃষক।
সাতক্ষীরার তালা উপজেলার ১১শ বিঘার শাকদাহ বিল। বিশাল এই বিলের পুরো অংশ জুড়েই এখন কেবল থৈ থৈ পানি। গত ১০ বছর ধরে এমন অবস্থা চললেও পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সদরের মাছখোলা, ধুলিহর, বল্লী, বকচরা এবং কলারোয়ার দেয়াড়া ও দক্ষিণ মুরারীকাটি বিলের চিত্রও প্রায় একই রকম। মুষ্টিমেয় কয়েকজন মাছের ঘের করার জন্য বাধঁ দিয়ে পানি আটকে রাখে। ফলে শতকোটি টাকা খরচ করে সরকার যে নদী খনন করে ,তার কোনো সুফল পায় না এলাকার মানুষ।
বছরের অর্ধেক সময় তো এমনিতেই পানিতে ডুবে থাকে। বাকি অর্ধেক বিলেও মাছ চাষের কারণে পানি নামতে দেয় না কিছু মাছের ঘেরের মালিক । এমন অভিযোগ স্থানীয় চাষীদের। কিন্তু দেড় থেকে দুই দশক আগেও এসব বিলে সোনালী আমন ফসলের সমারোহ ঘটত। কিন্তু বর্তমানে অপরিকল্পিত মাছ চাষের বাঁধ দেওয়া, পানি প্রবাহের ক্যানেল উঁচু ও বন্ধ করে দেওয়াসহ নানা কারণে তৈরি হয়েছে এই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা।
গুটিকতক মানুষ মাছ চাষে আর্থিকভাবে লাভবান হলেও, দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশাল জনগোষ্ঠীকে। “আগে আমন হতো, এখন তো তাও হয় না। ঠিকমতো কাজ না থাকায় এলাকার বেশিরভাগ চাষী এখন বেকার।” এমন আক্ষেপ অনেক কৃষকের। কিন্তু তাদের বেকারত্বের কষ্টের কথা শোনার কেই নেই। “সবকিছু মিলিয়ে আমরা খুব কষ্টে আছি। এখন শুধু বোরো মৌসুমের দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়।” এমন হতাশার কথা শোনা যায় তালা উপজেলায় গেলেই ।
সাতক্ষীরার ৭টি উপজেলার বিভিন্ন বিলে দীর্ঘমেয়াদী এই জলাবদ্ধতার কারণে প্রতি বছর অন্তত সাড়ে আট হাজার মেট্রিক টন ধান উৎপাদন ব্যাহত হয়। তবে আসন্ন বোরো মৌসুমে এসব জমিতে কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কিন্তু আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজী নয় এসব সরকারি অফিসাররা।



