
খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপ ও হোটেল জামানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অনিয়মের অভিযোগে চৌরঙ্গী কনফেকশনারি ও কাসুন্দী রেস্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে শহরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঝাউতলার হোটেল জামান ও স্বপ্ন সুপার শপকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে প্রধান সড়কের চৌরঙ্গী কনফেকশনারিকে আট লাখ এবং কাসুন্দী রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হলেও শেষ পর্যন্ত অর্থ আদায় করা হয়নি। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়ম পাওয়া গেছে। এসব কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশন, রেস্তোরাঁ মালিক সমিতি ও ব্যবসায়ীরা। রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, তারা ভেজালবিরোধী অভিযানের বিপক্ষে নন। তবে জরিমানা করার আগে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া এবং জরিমানার পরিমাণ সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। পর্যটন মৌসুমের আগে এ ধরনের অভিযানের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।
রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, দোকান মালিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলসহ ব্যবসায়ী নেতারা এ সময় বক্তব্য দেন। আবুল হাসেম বলেন, জরিমানার বিষয়টি সমাধান না হলে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, পর্যটন নগরীতে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। এ ধরনের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। আদালত বা সরকারি প্রতিষ্ঠান কাউকে বেকায়দায় ফেলতে নয়, বরং ভোক্তার অধিকার ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।




