দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী শনিবার (২২ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানায়, এই লঘুচাপটি পরবর্তীতে ঘণীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে।
আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ভোরে দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, আর রাত–দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে কোথাও কোথাও হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় স্থির থাকতে পারে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট



