Spread the love

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, “দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাই সরকার বিশ্বাস করে, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশ্বাস করেন। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

কৃষিমন্ত্রী বলেন, এমন একটা সময় ছিল যখন কৃষিপণ্য আমদানি করতে হতো। এখন অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং আমরা পেঁয়াজ রপ্তানির চিন্তা করবো। একইভাবে ভবিষ্যতে আরও কিছু কৃষিপণ্যের আমদানি কমিয়ে সেগুলো রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করতে সরকার প্রস্তুত বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় এ দেশের মানুষের কৃষি খাতের উন্নয়ন। সরকার কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগগুলো একের পর এক বাস্তবায়ন করছে।