
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান(৪২) তার নিজের ৩ শতক জমিতে পরীক্ষামূলকভাবে জিরা চাষ করে সফল হয়েছেন। এই এলাকার জন্য এটি একটি অসাধারণ ঘটনা বলে উল্লেখ করেছেন উপজেলার কৃষি অফিসার।
জিরা চাষে সফল উদ্যোক্তা হলেন কৃষক হামিদুর রহমান। ওই কৃষক অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো জিরা চাষ করে ভালো ফলন পেয়েছেন। মাত্র ৩ শতক জমিতে জিরা চাষ করে প্রায় ৫ কেজি জিরা উৎপাদন করেছেন। তার এই সফল জিরা চাষ এলাকার তরুণ ও যুবক কৃষকদের জিরা চাষে আগ্রহ সৃষ্টি করছে।
কৃষক হামিদুর রহমান বলেন, অনলাইনে জিরার বীজ সংগ্রহ করে চাষ শুরু করেছি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার আমি নিজ উদ্যোগে ৩ শতক জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি। আমার জমিতে উৎপাদিত জিরা উন্নতমানের এবং সুঘ্রাণযুক্ত।
তিনি বলেন, বাজারের জিরার তুলনায় আমার উৎপাদিত জিরার সুগন্ধ অনেক ভালো। এতে আমি আরও উৎসাহ পেয়েছি। আগামীতে আমি আরও বেশি জমিতে জিরা চাষ করব বলে আশা রাখছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় এই প্রথম জিরা চাষ দেখলাম।
উৎপাদিত জিরার গাছ অনেক ভালো এবং ফলন উৎকৃষ্টমানের বলে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মাটিতে এভাবে জিরা চাষ সম্ভব এটা ভাবতেই পারা যায় না। আমি নিজেও আগামীতে আমার জমিতে জিরা চাষ করব।
তিনি বলেন, খরচ তুলনামূলক কম। আবার ফলন পেতেও সময় কম লাগে। এটা আমাদের জন্য লাভজনক হতে পারে। বর্তমানে হিলি বাজারে ভারত থেকে আমদানি করা জিরা প্রতি কেজি ৬০০ টাকা থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ওইসব জিরার তুলনায় কৃষক হামিদুর রহমানের উৎপাদিত জিরার মান অনেক ভালো।





