এশিয়ার প্রধান চাল রফতানিকারক দেশগুলোয় চালের দাম বেড়েছে। ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের রফতানি মূল্য গত সপ্তাহে ঊর্ধ্বমুখী ছিল। আফ্রিকার দেশগুলোর বাড়তি চাহিদা, ভারতীয় রুপির শক্তিশালী বিনিময় হার এবং সরবরাহ কমার আশঙ্কা দাম বাড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে থাইল্যান্ডের বাজারে চাহিদা এখনো দুর্বল। অন্যদিকে ফিলিপাইনের নতুন করে চাল কেনা শুরু করায় ভিয়েতনামের বাজারে কিছুটা গতি ফিরেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার।

ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের রফতানি মূল্য ছিল প্রতি টন ৩৮৫-৩৯০ ডলার, যা আগের সপ্তাহে ছিল ৩৮২-৩৮৬ ডলার। অন্যদিকে ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম ছিল প্রতি টন ৩৯০-৩৯৫ ডলার।ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে রুপির এ ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে রফতানিকারকরা মুনাফা ধরে রাখতে চালের দাম বাড়িয়েছেন বলে জানিয়েছেন কলকাতার একজন রফতানিকারক।
থাইল্যান্ডেও ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি টন চালের দাম দাঁড়িয়েছে ৪৯৫-৫০০ ডলার, যা আগের সপ্তাহে ছিল ৪৯০-৪৯৫ ডলার। সরবরাহ হ্রাসের আশঙ্কা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব নিয়ে উদ্বেগের কারণে দাম আরো কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে থাইল্যান্ডের চালের সামগ্রিক চাহিদা এখনো কম। মূলত নিয়মিত ক্রেতা ও ফিলিপাইনই বর্তমানে চাল কিনছে। এদিকে ভারতীয় চালের দাম আরো বাড়তে পারে, এমন প্রত্যাশায় ইন্দোনেশিয়ার ক্রেতাদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। থাইল্যান্ডের নতুন মৌসুমের চাল সরবরাহ পরিস্থিতি আগামী বছরের ফেব্রুয়ারিতে ফসল ওঠার পর আরো স্পষ্টভাবে জানা যাবে।



