Spread the love

প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা লালচে ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কুয়াশায় বোরো ধানের আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বীজতলা নষ্ট হওয়ায় লোকসানের মধ্যে পড়েছেন চাষিরা। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে এ খবর জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে বোরোর বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৫০০ হেক্টর। আবাদ হয়েছে ৫৪৯ হেক্টর জমিতে। কিন্তু কুয়াশা ও শীতের তীব্রতায় এসব বীজতলার অধিকাংশই লালচে ও ফ্যাকাশে হয়ে গেছে।

কৃষকরা জানান, বীজতলা রক্ষায় বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না। এমনকি প্রতিদিন কুয়াশার পানি আলাদা করেও রক্ষা হচ্ছে না বীজতলা।

কৃষকরা জানান গত কয়েক বছরের মধ্যে এবার বেশি কুয়াশা পড়ছে। শীতের তীব্রতাও অনেক বেশি। যারা বীজতলা তৈরি করেছেন তারা প্রায় সবাই বিপদে পড়েছেন।

কৃষি অফিস থেকে বলা হয়েছে বোরো বীজতলা শীত ও কুয়াশায় ক্ষতির সম্মুখীন হলে সেচ দিয়ে সারাদিন ভিজিয়ে রেখে সন্ধ্যায় পানি ছেড়ে দিতে হবে। এতে বীজতলা ক্ষতির মুখে পড়বে না। তিনি আরও বলেন, কুয়াশা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া শুকনো স্থানে বীজতলা করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।
(কিশোরগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি)