
নিষিদ্ধ হলেও কমছে না পিরানহা মাছের চাষ। এমনকি মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকর সেই নিষিদ্ধ মাছ আড়তে এনে রতিমত বেচাকেনাও চলছে। আর তেমন বেচাকেনা চলার সময়ই এক বা দুই কেজি নয় জব্দ করা হলো ১৫ মণ নিষিদ্ধ পিরানহা মাছ । গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে।
গতকাল সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় পিরানহা বিক্রির দায়ে দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলার মৎস দপ্তর সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী, ঘুড়কা, চান্দাইকোনা, ব্রহ্মগাছা, ভুইয়াগাতি, নিমগাছি ও সলঙ্গাসহ বিভিন্ন বাজারে অবাধে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল।
অনেক ক্রেতা না জেনেই এ মাছ কিনে নিয়ে যান। বিশেষ করে দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে এ মাছের চাহিদা তৈরি হয়েছে। এমন খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘পিরানহা মাছ চাষ ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’




