
পবিত্র রমজান মাস আসার আগেই বাজারে বেড়ে গেছে ফলের দাম। তাই রমজানের সময় ফরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমিয়ে দাম সহনীয় রাখার লক্ষ্যে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেলের শুল্ক-কর কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে খেজুর আমদানিতে কমানো শুল্ক আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। আর মাল্টা ও আপেলের ক্ষেত্রে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কমানো করহার কার্যকর থাকবে।

এদিকে একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে গত ১৪ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলো।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এ পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।




