Spread the love

কনটেইনারে আাছে পচনশীল ফল দামি পল আপেল আর প্রয়োজনীয় মশলা আদা। আর এসব আমদানি হলেও এখন তা খালাস করতে আসছেন না প্রকৃত আমদানিকারকরা । আর তাই আপেল ও আদা নিলামে তুলছে চট্টগ্রাম বন্দরের কাস্টমস কতৃপক্ষ ।   নিলাম বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দুটি কনটেইনারে শুধু আপেলই রয়েছে ২৩ হাজার ৭২০ কেজি করে মোট ৪৭ হাজার ৪৪০ কেজি। আর এই আপেলের  চালানের মোট সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা। কিন্তু প্রশ্ন হচ্ছে ৪ নভেম্বর নিলামের আবেদন  অনলাইনে নিয়ে আগামী ৯ নভেম্বর নিলাম উন্মুক্ত করা পর্যন্ত আপেল কি তাজা বা খাওয়ার উপযোগি থাকবে ?

জানা গেছে  চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনারের ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল ও ৭৮ হাজার ৩০০ কেজি তাজা আদা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।  সব মিলিয়ে ১ লাখ ২৫ হাজার ৭৪০ কেজি বা প্রায় ১২৬ টন পণ্য নিলামে তোলা হচ্ছে।। তিনটি ৪০ ফুট কনটেইনারের মধ্যে একটি কনটেইনারে ২৪ হাজার ৩০০ কেজি এবং বাকি দুটি কনটেইনারে ২৭ হাজার কেজি করে মোট ৭৮ হাজার ৩০০ কেজি আদা রয়েছে। এসব আদার মোট সংরক্ষিত মূল্য ৮৭ লাখ ৭ হাজার ৮৬১ টাকা ৫৫ পয়সা। সব মিলিয়ে পাঁচটি পণ্যচালানের সংরক্ষিত মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯৯ টাকা ৯৭ পয়সা।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ) থেকে আগ্রহী ক্রেতারা অফিস চলাকালীন সময়ে সরেজমিনে পণ্যগুলো পরিদর্শন করতে পারবেন। পণ্য যে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় বিক্রি করা হবে। তাই দরপত্র দাখিলের আগে পণ্যের প্রকৃতি, পরিমাণ, গুণগত মান ও বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।নিলামের দরপত্র আগামী ৯ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কাস্টম হাউসের নিলাম শাখায় উন্মুক্ত করা হবে। সর্বোচ্চ দর অনুমোদিত হলে সংশ্লিষ্ট ক্রেতাকে ডাকমূল্যের ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। এরপর প্রযোজ্য আইন ও বিধি অনুসরণ করে পণ্য খালাস নিতে হবে।