Spread the love

সুইডেন থেকে বেলজিয়াম—হঠাৎ করেই ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোর শত শত ডিপ-ফ্রিজের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসে। হ্যাকারদের অতর্কিত হানায় নষ্ট হয়েছে হাজার হাজার ডলারের সংরক্ষিত খাবার। ইউরোপের বড় বড় রিটেইলারদের এমন বিপাকে পড়তে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—নিজের রান্নাঘরের ফ্রিজটিও কি অনিরাপদ হয়ে পড়েছে? কোনো হ্যাকার কি চাইলেই দূর থেকে আপনার ঘরের ফ্রিজ নষ্ট করে দিতে পারে?


সহজ কথায় উত্তর হলো: হ্যাঁ—সম্ভব। তবে একটি শর্ত আছে। আপনার ফ্রিজটিকে হতে হবে ‘স্মার্ট রেফ্রিজারেটর’, যা সরাসরি ওয়াই-ফাই, কোনো অ্যাপ কিংবা ক্লাউড নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে যুক্ত। আপনি যদি সাধারণ কোনো যান্ত্রিক বা নন-স্মার্ট ফ্রিজ ব্যবহার করেন, তবে নিশ্চিন্ত থাকতে পারেন; ইন্টারনেট সংযোগ না থাকলে দূর থেকে কারও ফ্রিজে অনুপ্রবেশ অসম্ভব।কিন্তু আপনার ফ্রিজ, এসি বা থার্মোস্ট্যাট যদি ইন্টারনেট-সংযুক্ত হয়, তবে ঝুঁকি থেকেই যায়। ২০১৫ সালেই সাইবার গবেষকরা প্রমাণ করে দেখিয়েছিলেন কীভাবে একটি স্মার্ট ফ্রিজের নিরাপত্তা ভেঙে তার ডেটা ট্রাফিকে নজরদারি চালানো যায়।

 


তবে সাইবার বিশ্লেষকদের মতে, আপনার ফ্রিজের মাছ-মাংস কিংবা দুধ নষ্ট করা হ্যাকারদের মূল উদ্দেশ্য না। তাদের আসল নজর থাকে আপনার রাউটার বা পুরো নেটওয়ার্কের ওপর। স্মার্ট ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা বা ভিডিও ডোরবেলের মতো দুর্বল সুরক্ষার গ্যাজেটগুলোকে হ্যাকাররা ‘পেছনের দরজা’ হিসেবে ব্যবহার করে ঘরের হোম নেটওয়ার্কে ঢুকে পড়ে; লক্ষ্য ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত ফাইল কিংবা পাসওয়ার্ড চুরি করা।
তাহলে নিজের ডিভাইস সুরক্ষিত রাখবেন কীভাবে? প্রথমত, ডিভাইস কেনার পর তার কারখানার দেওয়া ‘ডিফল্ট পাসওয়ার্ড’ দ্রুত বদলে ফেলুন। দ্বিতীয়ত, নিয়মিত সফটওয়্যার আপডেট দিন। আর সবশেষে, যে যন্ত্রে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলে, তাকে ওয়াই-ফাইয়ের বাইরে রাখুন। সাইবার নিরাপত্তার মূল সূত্র হলো- ঘরের যন্ত্র যত কম ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে, হ্যাকারদের ভেতরে ঢোকার পথও ততটাই বন্ধ থাকবে।