
বাংলাদেশের প্রায় তিন কোটি আট লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে মানুষগুলো মাঠে নামেন, তাদের হাড়ভাঙা খাটুনিতেই দেশের মানুষের খাদ্যের জোগান আসে। কিন্তু নির্মম সত্য হলো, একজন কৃষি শ্রমিকের শ্রমের বিপরীতে বার্ষিক যে মূল্য সংযোজন বা অর্থমূল্য তৈরি হয়, তাতে বাংলাদেশের কৃষক পুরো দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের ঠিক পরেই—অর্থাৎ একেবারে তলানিতে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে একজন কৃষি কর্মীর শ্রমের বিপরীতে বার্ষিক অর্থমূল্য দাঁড়িয়েছে মাত্র এক হাজার ২৩৬ ডলার বা প্রায় দেড় লাখ টাকা। অথচ ভারতে এই অর্থমূল্য দুই হাজার ১৫৯ ডলার এবং পাকিস্তানে তিন হাজার ১৮৬ ডলার। এমনকি মালদ্বীপ ও নেপালের মতো দেশগুলোও আমাদের চেয়ে অনেক এগিয়ে।

কৃষি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এর পেছনে মূল কারণ হলো প্রযুক্তি ও যন্ত্রপাতির সীমিত ব্যবহার, খণ্ডিত জমি, এবং কৃষকের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির অভাব। যে কাজ অন্য দেশগুলোতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ২ জন শ্রমিক অনায়াসেই সেরে ফেলছেন, আমাদের দেশে সেই একই কাজের জন্য ১০ জন শ্রমিক মাঠে নামছেন। এর ফলে মানুষ বাড়ছে, খাটুনি বাড়ছে, কিন্তু বিপরীতে বাড়ছে না উৎপাদনশীলতা। এছাড়া ধাননির্ভর উৎপাদন ব্যবস্থা এবং কৃষিপণ্য সংগ্রহ ও সংরক্ষণাগারের ঘাটতি কৃষককে তার ন্যায্য আয় থেকে বঞ্চিত করছে।

বিশেষজ্ঞরা বলছেন—রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়, তবে আমাদের কৃষির আধুনিকীকরণে দ্রুত জোর দিতে হবে। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে হবে, বাড়াতে হবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নিবিড় বিনিয়োগ।আশার কথা,সময়ের সাথে সাথে কৃষিতে আসছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। মাটির চিরাচরিত ব্যবহারের বাইরে গিয়ে তারা ঝুঁকছেন আধুনিক প্রযুক্তি, হর্টিকালচার, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বৈচিত্র্যময় উদ্যোগে।




