
যশোরের অভয়নগরে অনুমতি ছাড়া সরকারি ইউরিয়া সার গোপনে মজুত করার অভিযোগে আব্দুল মজিদ (৩৩) নামে এক যুবককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।
মামলার প্রসিকিউটিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সার পরিবহন ঠিকাদার মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুটি স্তূপে ৪২০ টন সার নেই।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির খুলনা শাখা অফিসের ইনচার্জ আব্দুল মজিদ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। লাইসেন্স, নিবন্ধন বা আদালতের অনুমতি ছাড়া সার পরিবহন, বিক্রি বা পাচারের উদ্দেশ্যে অন্যত্র গোপনে মজুত করার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিচারক আবীর আনসারী বলেন, অভিযুক্ত অপরাধ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




