
কমদামে তেল সরবরাহের জন্য ছোলা ও রাইস ব্রান তেল সংগ্রহ করে তা টিসিবির মাধ্যমে বিক্রির জন্য এসব পণ্য সংগ্রহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার । এজন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯ হাজার মেট্রিক টন ছোলা ও এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি । ছোলা আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং রাইস ব্রান তেল স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ৯ হাজার মেট্রিক টন ছোলা কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট) ও করসহ প্রতি কেজি ছোলার দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা।

এদিকে ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হরশাম এলাকার প্রতিষ্ঠান অস্ট-গ্রেইন এক্সপোর্টসকে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে ছোলা কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অন্যদিকে, ২ লিটার ধারণক্ষমতার পিইটি বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। ভ্যাট ও করসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮১ টাকা ৫০ পয়সা।
বৈঠক সুত্রে জানা গেছে রাইস ব্রান তেল সরবরাহের জন্য চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার করে, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড ৩০ লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার তেল সরবরাহ করবে। মজুমদার প্রোডাক্টস লিমিটেডের সরবরাহ করা ৩০ লাখ লিটার তেলের দাম ধরা হয়েছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা। বাকি তিন প্রতিষ্ঠানও দরপত্রে সুপারিশ করা পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করবে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির একজন সদস্য ।




