
দেশের মানুষ যখন উচ্চমূল্যের জন্য ইলিশ মাছ কেনা এবং খাওয়ার কথা প্রায় ভুলতে বসেছে,তখন একদল প্রতারক সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে মানুষের আবেগকে পুজিঁ করে অর্থ হাতিয়ে নিচ্ছে । তেমন একটি প্রতারক চক্রের কয়েকজ পুলিশের হাতে ধরাও পড়েছে। তাই কম দামে ইলিশ কেনার হাতছানিতে প্রতারিত হবার আগে ইলিশপ্রিয় বাঙালিদের সর্তক হওয়া দরকার।

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কম দামে ইলিশ ও অন্যান্য পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালিয়া থানা এলাকার ফুরকান শেখ, চান মিয়া, রাতুল হোসেন ও শহিদুল শেখ। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, চক্রটি ক্রেতাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে প্রতিশ্রুত পণ্য সরবরাহ করত না। এ ধরনের প্রতারণার অভিযোগে গত আগস্ট ও সেপ্টেম্বরে চাঁদপুর সদর থানায় দুটি মামলা হয়। মামলার সূত্র ধরে জেলা পুলিশের এলআইসি ও গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।
এসআই আনছার উল্লাহ, এসআই জিয়াউল হক, এএসআই মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই জহির উদ্দিনের সমন্বয়ে গঠিত একটি দল গত ৬ সেপ্টেম্বর ভোরে নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৭ সেপ্টেম্বর তাদের চাঁদপুরে আনা হয় । গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, একই চক্রের আরও দুই সদস্যকে গত মাসে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।




