
দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে। এ কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী । এরই মধ্যে মন্ত্রীর নিজের জেলা মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আফরোজা খানম। খাদ্যমন্ত্রী জানান, খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের প্রথম কাজ।




