Spread the love

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গায় ডিলারের গুদাম থেকে বিক্ষুব্ধ কৃষকদের সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত করছে দুটি তদন্ত কমিটি। ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক কে প্রধান করে উপজেলা প্রশাসনের একটি অন্যদিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির আরেকটি তদন্ত কমিটি মাঠে কাজ করছে।
উপজেলা প্রশাসনের কমিটির তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারে নিকট জমা দেবার কথা রয়েছে।
গত রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসির ডিলার তাইফুর রহমান মুকুল এর গুদামের গেট ও বেড়া ভেঙে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ সার নিয়ে যায় বিক্ষুব্ধ কৃষকরা। এর মধ্যে এখন পর্যন্ত ১০৭ বস্তা ইউরিয়া সার ফেরত দিয়েছেন কৃষক। এই ঘটনায় গতকাল রাতে ডিলার তাইফুর রহমান মুকুল ভূরুঙ্গামারী থানায় সাধারন ডায়েরি করেন।

কৃষকরা জানায়, তারা গত এক সপ্তাহ ধরে ডিলারের কাছে ঘুরেও কোন সার পাচ্ছিলেন না। গুদামে চার কিস্তিতে তোলা ১৩৬০ বস্তা সার থাকার কথা বলা থাকলেও ছিল মাত্র ৩৪০ বস্তা সার। কৃষকদের দাবি, এই মুহুর্তে আমন ক্ষেতে সার দেয়া জরুরী হলেও টাকা দিয়েও প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না তারা। ফলে সার বিতরনে টালবাহানা করায় ক্ষুব্ধ কৃষকরা নিজেদের প্রয়োজনে সার নিয়ে গেছেন বলে জানান তারা । ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান আমিনুল হক তারেক জানায়, ডিলারের গুদাম থেকে কৃষকদের সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহীর কাছে পাঠানো হবে৷