Spread the love

বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসসহ প্রাণিসম্পদ খাতের হালাল পন্য আমদানিতে আগ্রহি  মালয়েশিয়া ।  এজন্য  প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কৃষিমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত মালিয়েশিয়ার হাইকমিশনার ।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওটমান সৌজন্য সাক্ষাত করতে গেলে এসব বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে উভয়ের সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওটমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান।