
অবশেষে বালাইনাশক ব্যবহারের একটি সম্বনিত নীতিমালা করতে যাচ্ছে সরকার। এজন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে ১৯ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়।টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটি, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় বালাইনাশকের যথাযথ ব্যবহার নিয়ে একটি সমন্বিত নীতিমালা (পলিসি গাইডলাইন) তৈরি করা হবে এই কমিটির প্রধান কাজ।

কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে একটি সমন্বিত পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে গত২১ জুলাই জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আহ্বায়ক কমিটির সদস্য-সচিব হিসেবে থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কমিটি অন্য সদস্যদের মধ্যে থাকবেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআই)-এর শীর্ষ কর্মকর্তারা।

সরকারি কর্মকর্তাদের বাইরে বিশ্ববিদ্যালয় ও সিটি ইউনিভার্সিটির অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ফুড প্রফেশনালস এবং বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হবেন বলে অফিস আদেশে বলা হয়েছে । কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে একটি সমন্বিত পলিসি গাইডলাইন প্রণয়ন করতে হবে। এই নীতিমালার মূল উদ্দেশ্য হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, বালাইনাশকের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট খাতের বিদ্যমান দুর্বলতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বালাইনাশক ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা বিশ্লেষণ, প্রয়োজনীয় সংস্কার ও করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞদের কো-অপ্ট করার সুযোগ।




