Spread the love

তবে কি শেষ পর্যন্ত ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির সবুজ সংকেত দিবে সরকার? বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত আজ বুধবার (২০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে দেখা করার পর সেই আশংকাই জোরদার হয়েছে । মন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “ রাষ্ট্রদূত ব্রাজিল থেকে মাংস আমদানির বিষয়ে বললে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে দেশে প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণব্যবস্থা এবং শীতল সরবরাহ শৃঙ্খল (কোল্ড চেইন) আরও উন্নত করা জরুরি। ব্রাজিল সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।” উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও ব্রাজিল থেকে একই ধরনের প্রস্তাব দেয়া হলেও দেশীয় প্রাণীসম্পদ খাতের সংশ্লিষ্টদের আপত্তির মুখে তখনকার সরকার মাংস আমদানির অনুমতি দেয়নি।

 

কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে ঢাকা নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। মৎস্য ও  প্রাণিসম্পদ এবং কৃষিখাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান এবং ব্রাজিল মিশনের উপপ্রধান মি. লিওনার্দো জানুজ্জি (Mr. Leonardo Januzzi) উপস্থিত ছিলেন।

 

 

আমিন উর রশিদ বাংলাদেশে নিরাপদ, মানসম্মত ও আন্তর্জাতিক মানের মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা  স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর মানসম্মত মাংস উৎপাদন যেমন সম্ভব হবে, তেমনি উৎপাদিত মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানির পাশাপাশি দেশের স্থানীয় বাজারেও সরবরাহ করা যাবে।