
রাজশাহীর আম প্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম নামানো শুরু হবে। ওইদিন থেকে বাজারে আসবে আগাম জাতের ‘গুটি আম’। নিরাপদ, পরিপক্ব ও বিষমুক্ত আম নিশ্চিত করতে রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কৃষি কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মতিক্রমে আম সংগ্রহের এ তারিখ নির্ধারণ করা হয়
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন জাতের আম সংগ্রহের তারিখগুলো হলো:
১৫ মে: গুটি আম।
২২ মে: গোপালভোগ।
২৫ মে: লক্ষ্মণভোগ (লখনা) ও রানীপছন্দ।
৩০ মে: হিমসাগর (ক্ষীরসাপাত)।
১০ জুন: ল্যাংড়া ও বানানা ম্যাংগো।
১৫ জুন: আম্রপালি ও ফজলি।
৫ জুলাই: বারি আম-৪।
১০ জুলাই: আশ্বিনা।
১৫ জুলাই: গৌড়মতি।
এছাড়াও বিশেষ জাতের কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহ ও বাজারজাত করা যাবে বলে সভায় জানানো হয়েছে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সভায় স্পষ্ট জানিয়ে দেন যে, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই গাছ থেকে আম নামানো যাবে না। তিনি বলেন, “ভোক্তাদের কাছে নিরাপদ ও কেমিক্যালমুক্ত পরিপক্ব আম পৌঁছে দিতেই এই সময়সূচি। যদি কেউ অসাধু উপায়ে কৃত্রিমভাবে আম পাকিয়ে আগেভাগে বাজারে আনে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে প্রাকৃতিক কারণে কোনো বাগানের আম নির্দিষ্ট সময়ের আগে পেকে গেলে, সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে তা সংগ্রহ করা যাবে।
ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণার পর স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, সঠিক সময়ে আম নামাতে পারলে আমের গুণগত মান ঠিক থাকে এবং ন্যায্য মূল্য পাওয়া সহজ হয়।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের স্বাদ ও মান গতবারের তুলনায় অনেক ভালো হবে, যা জেলার অর্থনীতিতে বড় অবদান রাখবে।





