Spread the love

কৃষিকাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর সেচের জন্য ডিজেল সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ । তিনি বলেছেন কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে। শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পৃথিবী জুড়ে জ্বালানি তেলের সংকটের উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন ”  সব দেশে তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলব, জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করতে হবে “

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরে নদী ভাঙ্গন রোধে আমরা আগামীতে শক্ত কাজ করবো যাতে নদী ভাঙনে মানুষের সম্পদ নষ্ট না হয়। তিনি সরকারের সকল কর্মকাণ্ডে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।