
আগে যেখানে বাণিজ্যমেলা হতো আগারগাওয়ের পুরোনো সেই বাণিজ্যমেলার জায়গায় সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত ঘোষণার পরেই তার প্রতিবাদ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই প্রতিবাদের অংশ হিসেবে বাণিজ্য মেলার সেই মাঠে চলছে ট্রাক্টর দিয়ে চাষ। মেলার অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামার থেকে দুটি ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে যান তাঁরা। ভেঙে ফেলেন মেলার অবশিষ্ট স্থাপনা ও অস্থায়ী ফটক। এরপর পুরো মাঠে ট্রাক্টর চালিয়ে চাষ দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ হিসেবে পরিচিত এই জায়গায় সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিয়ে সেখানে সবুজায়ন ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।
এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে বাণিজ্য মেলা বন্ধের ঘোষণা দেওয়া হলেও মাঠ থেকে স্থাপনা সরানো হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানোর আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি আয়োজক কর্তৃপক্ষ।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির সময় ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।




