সরকার রমজান মাসজুড়ে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ মাসে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস প্রতি কেজি ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম আট টাকা দরে পাওয়া যাবে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে।


গত বছরের তুলনায় এবার বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
সারাদেশে ৪৮টি স্থানে এ কার্যক্রম চলবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, রোজাদারদের ভোগান্তি কমানোর জন্য সরকার প্রতি বছরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সরবরাহকারীদের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। তারা গত বছরের তুলনায় এবার বেশি স্থানে পণ্য বিক্রির ব্যবস্থা করবে।



