
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় ক্ষয়ক্ষতি কমাতে দেশের কৃষকদের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ০৮.০৭.২০২৬ তারিখের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বার্তা অনুযায়ী, এ সময়ে চট্টগ্রাম বিভাগের নদীসমূহের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীসমূহের পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বেশ কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো: চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ।
সম্ভাব্য ভারী বৃষ্টিপাত ও বন্যার ক্ষয়ক্ষতি থেকে ফসল ও গবাদিপশু রক্ষার্থে কৃষি আবহাওয়া কেন্দ্র থেকে নিম্নোক্ত ৮টি জরুরি পরামর্শ দেওয়া হয়েছে:
দ্রুত ফসল সংগ্রহ: ভারী বৃষ্টি বা বন্যা কবলিত হওয়ার আগেই মাঠের দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করে ফেলতে হবে।
নিকাশ নালা পরিষ্কার: ধানের জমিতে যেন পানি জমে থাকতে না পারে, সেজন্য নিকাশ নালা পরিষ্কার রাখতে হবে।
আইল উঁচুকরণ: জমির চারপাশের আইল উঁচু করে দিতে হবে।
অতিরিক্ত পানি নিষ্কাশন: ফসলের জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।
সার ও কীটনাশক বন্ধ: দুর্যোগপূর্ণ এই সময়ে জমিতে সেচ, সার এবং বালাইনাশক প্রদান করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
খুঁটির ব্যবস্থা: কলাগাছ, অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং সবজির সুরক্ষায় শক্ত খুঁটির ব্যবস্থা করতে হবে।
গবাদিপশুর সুরক্ষা: গৃহপালিত গবাদিপশু এবং হাঁস-মুরগিকে নিরাপদ ও উঁচু জায়গায় সরিয়ে রাখতে হবে।
পুকুরের নিরাপত্তা: বন্যার পানিতে মাছ যেন ভেসে না যায়, সেজন্য পুকুরের চারপাশ উঁচু করতে হবে। সম্ভব হলে চারদিক জাল বা বাঁশের চাটাই দিয়ে শক্ত করে ঘিরে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।





