Spread the love

 

খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী  উদ্বোধন করে খাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমরা শুধু কাঁচাপণ্য বিক্রি করতে চাই না। পণ্যকে প্রক্রিয়াজাত করে আরও ভালো মানের ও বেশি মূল্যের পণ্যে রূপ দিতে চাই। শুধু দেশের বাজারে নয়, বিদেশের বাজারেও যেতে চাই। তিনি বলেন শুধু বেশি উৎপাদন নয়, ভালো মানের উৎপাদন করতে চাই। কারণ নিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যগত বিষয় না, এটি জাতির নিরাপত্তা, অর্থনীতি এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির বিষয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)  ‘১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (রিমস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী শনিবার পর্যন্ত। এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, জার্মানি, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল আইওটি, স্মার্ট ফ্যাক্টরি এবং টেকসই প্যাকেজিংসহ চার হাজারের বেশি প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপন করা হচ্ছে।