রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) ব্যবহার করে একটি ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় মাছ চাষ প্রকল্প যৌথভাবে শুরু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড এবং ডেনমার্কভিত্তিক অ্যাসেনটফ্ট অ্যাকুয়া। গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। হবিগঞ্জ এগ্রো লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং অ্যাসেনটফ্ট অ্যাকুয়ার পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. ইয়েনস্ ওলে ওলেসেন সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। প্রাণ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, অ্যাসেনটফ্টের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কোর ম্যানেজিং পার্টনার থমাস সুদারলিন্ড, অ্যাসেনটফ্টের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মো. ইউসুফ, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এবং উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই বছরে দুই থেকে তিন ধাপে প্রকল্পটিতে মোট ৩০ মিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের অধীনে প্রধানত এশিয়ান সিবাস ও গ্রুপার, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করা হবে। প্রতিটি মাছের গড় ওজন হবে ১,২০০ থেকে ১,৫০০ গ্রাম। উৎপাদিত মাছের বড় একটি অংশ রপ্তানি করা হবে এবং একটি অংশ স্থানীয় বাজারের চাহিদা পূরণে ব্যবহৃত হবে। প্রকল্পটি পূর্ণ বাস্তবায়নের পর বছরে প্রায় দুই হাজার টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



