Spread the love

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকাতে  একই রাতে চারটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।   এর ফলে একাধিক সেচ পাম্প অচল হয়ে পড়েছে, ফলে ব্যাহত হচ্ছে বোরো ধানের সেচ কার্যক্রম।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র পরিকল্পিতভাবে সেচ পাম্পের জন্য স্থাপিত চারটি ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল খুলে নিয়ে যায়। ভোরে কৃষকরা মাঠে গিয়ে সেচ পাম্প চালু করতে না পেরে বিষয়টি জানতে পারেন। এতে কয়েকশ বিঘা জমির ফসল ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, বোরো মৌসুমে নিয়মিত সেচ না পেলে ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ট্রান্সফরমার না থাকায় গভীর নলকূপ বন্ধ রয়েছে, ফলে কৃষকরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।

স্থানীয়  কৃষকরা জানান  প্রতি বছরই একই কায়দায় এ ঘটনা ঘটছে। এটি প্রশিক্ষিত ব‍্যক্তি ছাড়া এ কাজ সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। তাই তারা মনে করছেন বিদ্যুৎ বিভাগের লোক এখানে জড়িত থাকতে পারেন।   তবে একই রাতে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা এই প্রথম। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করে দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন ও চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।