Spread the love

বাদী পক্ষের দাখিলী দরখাস্ত মতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি লট বাজার থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা খাদ্য আদালতের আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেট লট বাজার থেকে অপসারণ করতে বলা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান তার আবেদনে বলেন, ‘নেসলে বাংলাদেশ কিটক্যাট চকলেট একটি অনিবন্ধিত, অননুমোদিত, অস্পষ্ট এবং নিম্নমানের পণ্য; যা অনিরাপদ, ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।’

তিনি সংশ্লিষ্ট ব্যাচ নম্বর ৪৪৩৯৯১৩৯ ও উৎপাদন কোড ৬২৯৪০০৩৫৩৯০৫৪ উল্লেখ করেছেন।

আবেদনে বলা হয় , ‘এই পরিস্থিতিতে, বাংলাদেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, ভেজাল ও অনিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ করতে এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে; আদালতকে নেসলে বাংলাদেশকে বাজার থেকে কিটক্যাট চকোলেট প্রত্যাহার এবং ধ্বংস করার নির্দেশ দেওয়ার জন্য এবং বিএসটিআই লাইসেন্স এবং ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বাংলাদেশে নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন এবং বিক্রয় সাময়িকভাবে স্থগিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

আবেদনের প্রেক্ষিতে আদালত  উপরোক্ত নির্দেশ জারি করে।