দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষকরা কাঁঠালের কোয়া থেকে তৈরি করেছেন উন্নত মানের গুড়। প্রচলিত গুড়ের মতোই স্বাদ ও ঘ্রাণযুক্ত এই উদ্ভাবন কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ফারহানা মুনতাহ মাস্টার্স পর্যায়ে এই গবেষণা সম্পন্ন করেছেন। অধ্যাপক মারুফ আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, কাঁঠালের কোয়া থেকে প্রস্তুত গুড়ের স্বাদ, মিষ্টতা, ঘ্রাণ ও গুণগত মান প্রচলিত আখের গুড়ের চেয়ে উন্নত।

ফারহানা জানান, গত বছর জানুয়ারিতে শিক্ষকের দেওয়া আইডিয়া অনুসারে প্রথমে কলা দিয়ে পরীক্ষামূলকভাবে গুড় তৈরি করেন। পরে পাকা কাঁঠালের কোয়া থেকে বীজ আলাদা করে প্রক্রিয়াজাত করে প্রায় পাঁচ কেজি গুড় উৎপাদন করেন। ছয় মাস ধরে নিয়ন্ত্রিত তাপমাত্রায় গুণগত মান পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ গুড়ের মান আখের গুড়ের তুলনায় ভালো।
শুধু কাঁঠালের গুড় নয়, ফুড প্রসেসিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা টমেটো থেকে পাউডার সস, দই পাউডার, ব্ল্যাক গার্লিক, কালোজামের জুস, টুটি ফ্রুটি এবং মিষ্টি আলুর পাতা থেকে ফ্যাটিলিভার কমাতে সহায়ক মোডিফায়েড ফাইবার পাউডার তৈরি করেছেন। এছাড়া ঢ্যাঁড়স থেকে কমলা ও হলুদ রঙের প্রাকৃতিক পিগমেন্ট উৎপাদন এবং তরমুজের গুণগত মান পরীক্ষার যন্ত্রও তৈরি করেছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব উদ্ভাবন শিক্ষার্থীদের গবেষণামূলক কাজের পাশাপাশি দেশের খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
প্রথম আলোর সৌজন্যে



