
ওমানের মৎস্য ও কৃষি খাতে বাংলাদেশের দক্ষ ও অভিজ্ঞ জেলেদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ থেকে জেলে নিয়োগের সার্বিক সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকা সফরে এসেছে দেশটির ‘মিনিস্ট্রি অফ লেবার, এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ’-এর একটি প্রতিনিধি দল। আজ বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত ওমান প্রতিনিধি দলের সম্মানার্থে এক নৈশভোজের আয়োজন করা হয়। উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।
নৈশভোজ চলাকালীন বাংলাদেশ ও ওমানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ওমানের সমৃদ্ধ মৎস্য ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি রপ্তানির সুনির্দিষ্ট সুযোগ, প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক উল্লেখ করেন, বাংলাদেশের দক্ষ জেলে ও কৃষি কর্মীদের আন্তর্জাতিক বাজারে বিশেষ সুনাম রয়েছে এবং ওমানের চাহিদানুযায়ী দ্রুততম সময়ে বিশ্বস্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।
প্রতিনিধি দলটি সফরকালীন সময়ে বাংলাদেশে জনশক্তি পাঠনোর সার্বিক প্রক্রিয়া ও জেলেদের দক্ষতা পর্যবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এই শ্রমে বাজারে বাংলাদেশের দক্ষ মৎস্যজীবীদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




