আখের অভাবের কারণে লক্ষ্যমাত্রা অর্জন করতে না পেরে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম নির্ধারিত সময়ের ১৩ দিন আগেই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে মাড়াই সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।
গত বছরের ১০ নভেম্বর ২০২৫-২৬ মৌসুমের মাড়াই শুরু হয়। মৌসুমের শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ দিনে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী চিনি আহরণের হার ধরা হয় ৬.৫ শতাংশ।
তবে মৌসুমের শেষ পর্যন্ত অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ দিনে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা সম্ভব হয়েছে। এতে উৎপাদিত হয়েছে প্রায় ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি। এতে চিনি আহরণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে আখ চাষের মাধ্যমে ২ লাখ মেট্রিক টন সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। চাষিদের উৎসাহিত করতে প্রতি কুইন্টালে ২৫ টাকা মূল্য বৃদ্ধি করে ৬০০ টাকা থেকে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়।
তিনি জানান এ বছর প্রায় ১৫ হাজার আখ চাষির বিল পরিশোধ করা হয়েছে এবং এ মৌসুমে চাষিদের মাঝে মোট ১৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
আখের ঘাটতির কারণে উৎপাদন কমে যাওয়ায় মিলের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই মাড়াই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।



