
ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারনের সিদ্ধান্ত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। তবে পামওয়েলের দাম বাড়ানো হয়নি।
এর আগে বোতলজাত প্রতি লিটার ভোজ্যতেলের সরকারি মূল্য ছিল ১৯৯ টাকা। গত ২৯ এপ্রিল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে এ দাম নির্ধারণ করা হয়েছিল। সেদিন সচিবালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির এ দাম ঘোষণা করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এবার এক লাফে লিটারে দাম বাড়ল পাঁচ টাকা। এর দুই দিন আগেই সরকার নতুন পে-স্কেল ঘোষণা করেছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর দুদিন না যেতেই বাড়ল ভোজ্যতেলের দাম।




