
‘দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।’ একথা বলেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ । গতকাল শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, ‘কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষিপণ্য এখনো দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক। এর অন্যতম প্রধান কারণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা কাটিয়ে কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের একটি হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী ও নিরাপদ করতে গামা ইরেডিয়েশন সেন্টার স্থাপন করা হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘এ প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্যের ফল ও ফসলের পচন রোধ, ক্ষতিকর জীবাণু ধ্বংস এবং সংরক্ষণক্ষমতা (শেলফ লাইফ) উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। ফলস্বরূপ, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের চাহিদা ও বাজার সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে।’
মোহাম্মদ আমিন উর রশিদ জানান, আম, কাঁঠাল ও আনারসের মতো সুস্বাদু দেশীয় ফলের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তবে আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় সেই বাজার পুরোপুরি ধরা সম্ভব হচ্ছিল না। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গামা ইরেডিয়েশন সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে এ ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।’
নিরাপদ খাদ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কৃষি মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা গেলে বহু রোগবালাই থেকে মুক্ত থাকা সম্ভব। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন খাদ্যের গুণগত মান কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হলে যেকোনো খাদ্যদ্রব্য আমদানি তাৎক্ষণিকভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’




