Spread the love

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের প্রধান কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অতিবৃষ্টি এবং উজানের ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সতর্ক করা হয়েছে। হঠাৎ এই বন্যার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোর ফসলি জমি তলিয়ে গিয়ে আমন বীজতলা, আউশ ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:

 আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

টানা অতিবৃষ্টি এবং নদীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে নদী তীরবর্তী ও চরাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকদের মতে, পানি দ্রুত বৃদ্ধি পেলে এই ১৬ জেলার নিম্নাঞ্চলের কাঁচা ও আধাপাকা ফসল এবং গ্রীষ্মকালীন সবজি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া নতুন রোপণ করা আমনের চারা ও বীজতলা দীর্ঘদিন পানির নিচে নিমজ্জিত থাকলে পচন ধরার তীব্র ঝুঁকি রয়েছে, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে সতর্ক নজরদারি রাখার অনুরোধ জানানো হয়েছে।