
জলবায়ু পরিবর্তনের কারণে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে সাতক্ষীরায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ৭৫ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব পরিবারের ৯০ দশমিক ৮ শতাংশের ঘরে কোনো খাবার মজুত নেই। এমনকি জরিপে পাওয়া তথ্য অনুযায়ি খাদ্য নিরাপদ অবস্থায় থাকা একটি পরিবারও পাওয়া যায়নি।গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বাস্তুচ্যুত মানুষের জলবায়ু ন্যায়বিচার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রান) গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের আগস্টে সাতক্ষীরা পৌরসভার ৩৫টি অনানুষ্ঠানিক বসতির ৩৫৮টি পরিবারের ১ হাজার ৩৪১ জনের ওপর জরিপ চালানো হয়।
গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৭৪ দশমিক ৯ শতাংশ পরিবার তীব্র এবং ২৩ দশমিক ২ শতাংশ পরিবার মাঝারি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। খাবার সংগ্রহে ৯৯ দশমিক ৪ শতাংশ পরিবার টাকার অভাব এবং ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার উচ্চমূল্যকে দায়ী করেছে। খাবারের ব্যবস্থা করতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ বা প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিক্রি করেছে। ৯৫ দশমিক ২ শতাংশ পরিবারে শিশুদের খাবার নিশ্চিত করতে বড়রা নিজেরা কম খেয়েছেন।
গবেষণায় আরও উঠে এসেছে, ৫৯ শতাংশ পরিবার উচ্ছেদ বা উচ্ছেদের হুমকিতে রয়েছে। মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পরিবার সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে। গত ১২ মাসে ৭৯ দশমিক ১ শতাংশ পরিবার কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পায়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু বাস্তুচ্যুত মানুষের জন্য শুধু জরুরি সহায়তা নয়, প্রয়োজন স্থায়ী আবাসন, নিরাপদ পানি, খাদ্য, শিক্ষা ও জীবিকার সুযোগ নিশ্চিত করা। কপ৩১-এ বাংলাদেশের পক্ষ থেকে বাস্তুচ্যুত মানুষের অধিকার, খাদ্য নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুপারিশ করা হয়।




