
কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা কৃষকদের জন্য “কৃষি কার্ড” চালু করব, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সার, বীজ ও কীটনাশকের সুবিধা পাবেন।’
রাজশাহী অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতির পাশাপাশি একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
আজ ( ২৯ জানুয়ারি ) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জনসভায় তারেক রহমান রাজশাহী অঞ্চলের উন্নয়ন নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে বরেন্দ্র প্রকল্প, আম সংরক্ষণ, শিক্ষা ও আইটি খাতের উন্নয়ন এবং ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিয়ে তিনি তার ভাবনার কথা জানান।
রাজশাহী অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে জিয়াউর রহমানের আমলে নেওয়া বরেন্দ্র প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘শহীদ জিয়ার বরেন্দ্র প্রকল্পের ফলে এই অঞ্চলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছরে এই প্রকল্পকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আমরা সরকার গঠন করলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করব এবং খালগুলো খনন করব।’
কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা কৃষকদের জন্য “কৃষি কার্ড” চালু করব, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সার, বীজ ও কীটনাশকের সুবিধা পাবেন।’এ সময় তিনি ঘোষণা দেন, ‘আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।’
রাজশাহী অঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ আম সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘এখানে আম সংরক্ষণের কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনায় আছে, কীভাবে আম বেশি দিন সংরক্ষণ করা যায়। আমরা এ অঞ্চলে আমের জন্য বিশেষ হিমাগার তৈরি করতে চাই।’




