Spread the love

সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি ও অন্যান্য স্বজনকে ডিলারশিপ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ তুলে তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়। তবে অর্থের বিনিময়ে সংসদ সদস্যদের সুপারিশে ডিলার নিয়োগের অভিযোগ অসত্য বলে দাবি করেছে সরকারি দল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির সুপারিশ অনুসরণ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বিরোধী দলের সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য হাসনাত। তিনি সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা দেওয়া এবং বিভিন্ন এলাকায় অনিয়মের অভিযোগ তুলে ধরেন। কয়েকটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম উল্লেখ করে তিনি বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

 

নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে বলে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, সেখানে একজন সংসদ সদস্যের সন্তান ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা ডিলারশিপ পাওয়ার সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসা করতেন, তাদের সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো নিয়ম করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ডিলার নিয়োগের অনিয়ম সুপরিকল্পিত কি না এবং পুরো নিয়োগ প্রক্রিয়া আবার পর্যালোচনা করা হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ‘উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক, উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন। মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই করে হট্টগোল শুরু করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সদস্যরা সাইড টক করলে তার কথা বলতে অসুবিধা হয়। তিনি চান, কেউ যেন সাইড টক না করেন। কৃষিমন্ত্রী বলেন, ‘আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দিমু। অসুবিধা নাই।’ মন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। সেখানে কিছু নিয়মনীতি অনুসরণ করে আবেদন আহ্বান করা হয়েছে। এ বক্তব্যের পর বিরোধীদলের সদস্যরা আবারও হইচই শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

কৃষিমন্ত্রী বলেন, তার বক্তব্য শেষ হলে বিরোধী দলের সদস্যদের সন্দেহ দূর হবে। উপজেলা থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। জেলায় যে কমিটি রয়েছে, সেখানে উপদেষ্টা হিসেবে এলাকার সংসদ সদস্যের থাকার সুযোগ আছে। এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবারও দাঁড়িয়ে হইচই শুরু করেন। তাদের বসার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা সকলেই বসেন। সবাই বসেন প্লিজ।’ সরকারদলীয় একাধিক সদস্যকেও বিরোধী দলকে বাসার অনুরোধ করতে দেখা যায়।

ডেপুটি স্পিকার বলেন, এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন। উনার (কৃষিমন্ত্রী) উত্তর শোনেন। মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন।’

বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যেই বক্তব্য চালিয়ে যান কৃষিমন্ত্রী। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাব পাঠানোর পর মন্ত্রণালয় ডিলার নিয়োগের ঘোষণা দিয়েছে। এটি একজনের স্বাক্ষরে হয়নি। তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চাইতে থাকেন। একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্য অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন। এ তথ্য সঠিক নয়। এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন কিংবা লিখিত দিতে পারেন। প্রমাণ না থাকলে অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি।

এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে ফ্লোর চাইলে স্পিকার কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় বিরোধী দলীয় সদস্যরাও হইচই করেন।

সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি

বিরোধী দলের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। আর কৃষকদের সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুত, পরিবহন ও বিক্রয় কার্যক্রম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু রয়েছে। তিনি জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সার পরিস্থিতি পর্যবেক্ষণে দুজন যুগ্ম সচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের কমিটি কাজ করছে। কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহে ‘কৃষক কার্ড’ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।