Spread the love

মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণে চলতি  অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দিবে সরকার।  গত অক্টোবর পর্যন্ত  প্রশিক্ষণ দেওয়া হয়েছে ২০ হাজার ২৫৯ জন খামারিকে।আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

মৎস্যসম্পদ বৃদ্ধিতে সারাদেশের মৎস্যচাষিদেরকেও প্রশিক্ষণ দেযার কথা উল্লেখ করে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান ইতোমধ্যে দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হয়ে থাকে।

প্রাণিসম্পদ খাতের উদ্যোগ তুলে ধরে আমিন উর রশিদ বলেন, চলতি অর্থবছরে ৯ হাজার ৮৬০ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অক্টোবর পর্যন্ত ২ হাজার ৯২২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গত তিন বছরে প্রায় ১ হাজার খামারি ও উদ্যোক্তাকে কারিগরি পরামর্শ দিয়েছে এবং প্রায় সাড়ে ৩ হাজার খামারিকে ঋণ প্রদান করেছে।