Spread the love

মধুমাস জ্যৈষ্ঠ আসতে এখনো কয়েক দিন বাকি, তবে এর মধ্যেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের লিচু। তবে বৈরী আবহাওয়া আর কম ফলনের অজুহাতে মৌসুমের শুরুতেই লিচুর দাম আকাশচুম্বী, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

বর্তমানে রাজশাহীর সাহেব বাজার ও তালাইমারীসহ বিভিন্ন বাজারে প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। অর্থাৎ একটি লিচুর দাম পড়ছে ৫ থেকে ৬ টাকা। গত বছরের তুলনায় এই দাম অনেক বেশি। চড়া দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ লিচু না কিনেই বাজার থেকে ফিরে যাচ্ছেন।

ক্রেতারা জানাচ্ছেন, বাজারে আসা লিচুগুলো এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। ফলগুলো আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি। কৃষি বিভাগ বলছে, লিচু পূর্ণাঙ্গভাবে পরিপক্ব হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।

বিক্রেতা ও কৃষি কর্মকর্তাদের মতে, দীর্ঘস্থায়ী খরা, তীব্র গরম এবং অনাবৃষ্টির কারণে এ বছর লিচুর ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক লিচু পাকার আগেই ফেটে নষ্ট হয়ে গেছে। বাজারে সরবরাহ কম থাকায় দাম কমছে না।

এদিকে চিকিৎসকরা খালি পেটে লিচু না খাওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এখন লিচু মূলত শখের বশে বাজারে আসছে। সরবরাহ বাড়লে আগামী দুই সপ্তাহের মধ্যে দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।