Spread the love

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুদ্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লুট হওয়া সারের বস্তার অধিকাংশই উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ডিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসির অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় চারজন পুলিশ সদস্যসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। আকস্মিক ক্ষুব্ধ কৃষকেরা ডিলার পয়েন্টের ঘরের টিনের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ক্ষুব্ধ কৃষকদের অনেকে সারের বস্তা ফেরত দিয়ে যান। তবে সন্ধ্যা পর্যন্ত লুট হওয়া সব বস্তা ফেরত পাননি বলে দাবি করেছেন ডিলার ।

অন্যদিকে ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে খালি হাতে ফেরত যাওয়া কয়েকজন কৃষকের অভিযোগ, কয়েকদিন ধরে সারের জন্য ঘুরছিলেন তারা। কিন্তু সার পাচ্ছিলেন না। ইউনিয়নের বরাদ্দ সারের অর্ধেক খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন ডিলার। ফলে চাহিদা মতো তারা সার পান না। শুধু তাই নয়, ১৩০০ টাকা দামের সারের বস্তা ১৮০০ থেকে ১৯০০ টাকায় বিক্রি করে।