
নওগাঁয় জমিতে কাজের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৫০) এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে পিন্টু রহমান (৪৫)।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবার তার লাশ বাড়িতে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, বাড়ির পাশের মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু রহমান মারা যান। এসময় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।





