
কৃষি রাসায়নিক শিল্পকে আমদানিনির্ভরতা থেকে বের করে রফতানিমুখী শিল্পে পরিণত করতে সরকারের নীতিগত সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার বলে মনে করেন বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান। বামার ২০২৫-২৭ মেয়াদের কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভায় সংগঠনের প্রথম সভার কার্যবিবরণী অনুমোদিত হয়েছে । এছাড়াও ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব এবং ২০২৬-২৭ অর্থবছরের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে গতকালের বৈঠকে।সভায় মোস্তাফিজুর রহমান বলেন, ‘তৈরি পোশাক ও ওষুধশিল্পের মতো কৃষি রাসায়নিক শিল্পেরও আন্তর্জাতিক বাজারে অবস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। এজন্য স্থানীয় উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং রফতানি সক্ষমতা বাড়াতে সমন্বিত সরকারি সহায়তা প্রয়োজন।’সভায় সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পকে তৈরি পোশাকের মতো কাস্টমস বন্ড সুবিধার আওতায় আনার লক্ষ্যে রফতানি-সংক্রান্ত গবেষণা সেল গঠনের সিদ্ধান্ত হয়।




